সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের
অনলাইন নিউজঃ সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে চিঠি জারি করেছে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা প্রশাসন ।
বৃহস্পতিবার (২৫ জুন) টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি দূর করতে এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গত ২৪ জুন উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক টংগিবাড়ী উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আরো বলা হয়, এ প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হলো।












