স্বাস্থ্যবিধি অমান্য করে বাবুগঞ্জ বাজারে ভিড়, পুলিশের অভিযান
সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ সরকারের নানা ধরনের নির্দেশনাকে আমলে নিচ্ছেন না বাবুগঞ্জ উপজেলার মানুষ। যে যার মত হাট বাজারে ছুটে চলেছেন আপন মনে। ফলে ক্রমেই বাড়ছে করোনার ঝুঁকি। আজ ১৬ই মে শনিবার বাবুগঞ্জ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এর মধ্যে ক্রেতা বিক্রেতা কারোরই স্বাস্থবিধি মানার বালাই নেই। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়েছে। মাইকিং করে সকলকে অনুরোধ জানানো হয়েছে সরকারি নির্দ্শনা মানার জন্য।
সরেজমিনে ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পরেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানুষ। উপজেলার বিভিন্ন বাজারের বিপণিবিতানগুলোতে বাড়ছে ভিড়। এ পরিস্থিতিতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি। অনেকদিন পর সীমিত আকারে মার্কেট খোলায় প্রশাসন কিছুটা শিথিল আচরণ করছে। কিন্তু বাবুগঞ্জ উপজেলায় সেটি আর সীমিত আকারে নেই।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সূত্র জানায়, দীর্ঘ বন্ধের পর সীমিত পরিসরে মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি ও প্রশাসনিক নানা শর্তে মার্কেট খোলার পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। দোকানিরা কিছুটা সতর্কতা অবলম্বন করলেও ক্রেতারা বেপরোয়া।
শনিবার বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বন্দরের বিভিন্ন বিপণিবিতাণ ঘুরে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে গাদাগাদি করে মানুষ কেনাকাটা করছেন। কেনাকাটা করতে আসা অধিকাংশই নারী, পাশাপাশি রয়েছে অনেক শিশু। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের ভিড় বাড়লে সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই ঝুঁকি নিয়েই কেনাবেচা করতে হচ্ছে।












