বরিশালে করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের নিরলস তৎপরতা
নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ০৮ এপ্রিল বিকালে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ও পাতারহাট বাজার এলাকায় মোবাইল কোর্ট ও করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন । এ সময় এলাকার বিভিন্ন জনসমাগমস্থলে গণসচেতনতা সৃষ্টি করা হয় ও নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ম্যাজিস্ট্রেটদ্বয় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করার পাশাপাশি এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা লঙ্ঘনের দায়ে তিন ব্যক্তিকে ১৭০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষায় মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্য সহায়তা করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিজুস চন্দ্র দে, উপজেলা নির্বাহী অফিসার, মেহেন্দিগঞ্জ।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।












