সোহেল আহমেদ, চট্টগ্রামঃ সরকারি নির্দেশনা অমান্য করায় নগরীর বিভিন্ন এলাকা থেকে পাঠাও সহ ১৫৭টি মোটরসাইকেল আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত সিএমপির সকল থানার বিভিন্ন টিম কর্তৃক পরিচালিত চেকপোস্ট কার্যক্রম এর সময় এগুলো আটক করা হয়।

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হতে সরকারি নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে মহানগর এলাকার বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে ১৫৭ টি মোটরসাইকেল আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথের সার্বিক তত্ত্বাবধানে অদ্য  সরকারী নির্দেশনা অমান্য করায় এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে পাঠাও রাইড সহ এসব মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্হা গ্রহন করা হচ্ছে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সন্ধ্যা ৬ টার পর থেকে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা আছে।এ বিধি নিষেধ এখনো বহাল আছে এবং চেকপোস্টের কার্যক্রম চলমান থাকবে।

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনা সমূহ মেনে চলার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি আবারো অনুরোধ জানায় পুলিশ।