অনলাইন নিউজঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শহরের মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় একটি মার্কেটের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে। এসময় আগুন নিভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যবাজারে কাদির মিয়ার মার্কেটের একটি দোকানে আগুন দেখে লোকজন শোরচিৎকার করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২টি দোকান পুড়ে ছাই।পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল কসমেটিক্স, মোবাইল পার্টস ও ভেরাইটিজ স্টোরসহ অন্যান্য মালমাল। তবে আগুন লাগার সূত্রপাত জানতে পারেনি ফায়ার সার্ভিসের লোকজন।

ফায়ার সার্ভিসের কর্মী হাবিবুর রহমান জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের সদস্যরা।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।