কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার এক করোনা রোগীর পরিবারের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সমাজ সেবক সৈয়দ নজরুল ইসলাম।

১১ জুন বৃহস্পতিবার বিকেলে সৈয়দ পরিবারের পক্ষ থেকে ৬০ দিনের খাবারসহ বিভিন্ন ফল, মাছ, মাংস দেয়া হয় পরিবারটির মাঝে। সৈয়দ নজরুল ইসলাম জানান, শিবগঞ্জে যতজন করোনা আক্রান্ত পরিবার রয়েছে তাদের পরিষদ ও নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করা হচ্ছে।

তিনি আরো জানান, এ পরিবারটিকে প্রথমে পৌর মেয়র কারিবুল হক রাজিন খাদ্যসামগ্রীসহ পরিবারটির দায়িত্ব নিলেও পরে আর খোঁজ রাখেননি। সমস্যার মধ্যে তাদের দিন কাটছিলো। তাদের এ খবর পাবার পর আজ ৬০ দিনের খাদ্যসামগ্রী পৌঁছে দিলাম।

এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফ, পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক আসিফ আহমেদ সৌরভ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল বাকি, পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলী রাজসহ অন্যরা।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে শুরু থেকেই অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় সৈয়দ পরিবারের জিকে ফাউন্ডেশন। কুমিল্লা জেলার পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর নির্দেশনায় পরিবারটি অসহায়দের পাশে ছায়া হয়ে কাজ করছে।