কপোত নবী, নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক ২টি অভিযানে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক পিড়ানপাড়া গ্রামের মো. মোতাজুল ইসলামের ছেলে মো. শিমুল (২০) ও একই উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. মজিবর রহমান (৫০)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হায়াতমোড় এলাকায় ১১ জুন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে শিমুলকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার লম্বাপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেনসিডিলসহ মজিবরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান দুটি পরিচালনা করে। এ ঘটনায় সদর ও শিবগঞ্জ মডেল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। জেলায় ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।