কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফুলকুঁড়ি চাষী বাজার মসজিদের সামনে রাস্তায় চেকপোস্ট বসিয়ে ১৫৮ বোতল দেশীয় তৈরি চোলাইমদ, ১টি ইজিবাইকসহ মো. জুয়েল রানা (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। এই চোলাই মদের ওজন ৬৩ দশমিক ২ লিটার। র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, ১৩ জুন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আমনুরা থেকে নাচোলগামী ফুলকুঁড়ি চাষী বাজার মসজিদের সামনে পাকা রাস্তার উপরে চেকপোস্টে একরি ইজিবাইকে তল্লাশী চালিয়ে ১৫৮ বোতল দেশীয় চোলাইমদসহ জুয়েলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে সে রহনপুর ঘাটি থেকে দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে এসে খুচরা বিক্রি করত। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।