সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা ও মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বুধবার (১৭ জুন) থেকে চলা এ বৃষ্টিপাত আজ বৃহস্পতিবারও (১৮ জুন) একই রকম থাকতে পারে। বৃষ্টিপাত চলতে পারে টানা আরও তিনদিন অর্থাৎ আগামী রোববার (২১ জুন) পর্যন্ত। এদিকে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা দেখা দিয়েছে। খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা যায়।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এই সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকাতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার। এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সুত্র:মানবকন্ঠ