নিজস্ব প্রতিবেদক : অনুমোদনহীন তথা কথিত অনলাইন এসডি টিভিতে নিয়োগ দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাত ও প্রতারনার অভিযোগে বরিশালে মাসুদ আলম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষনা রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদ আলম পটুয়াখালী সদরের কাছিছিড়া গ্রামের মো. মোস্তফা মুন্সির ছেলে। সে তথা কথিত অনলাইন এসডি টিভির ব্যুরো প্রধান, কখনও সিকিউরিটি কোম্পানীর মালিক এবং কখনও শিল্পপতি হিসেবে পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিলো।

শনিবার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, আটক মাসুদ আলম তথা কথিত এসডি টিভির চেয়ারম্যান তোফিজ উদ্দিন সবুজ শাহীর প্ররোচনা ও যোগসাজশে দেশের বিভিন্ন এলাকায় এসডি টিভির চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি তার মোবাইলের ফেসবুক আইডিতে প্রচার করতো। নিয়োগ বিজ্ঞপ্তিতে আকৃস্ট হয়ে আগ্রহীদের ভূয়া এসডি টিভি চ্যানেলের আইডি কার্ড প্রদান করে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো।

গ্রেফতারের সময় মাসুদ আলমের (২৬) খাটের তোষাকের নিচ থেকে অনুমোদনহীন এসডি টিভি চ্যানেলের আইডি কার্ড সংবলিত ছবি এবং মেসেঞ্জারে কথোপকোথনের ১২ টি স্কীন শর্টের কপি উদ্ধার করে র‌্যাব।

এছাড়াও তিনি বিভিন্ন মানুষকে চাকুরী দেয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে চাকুরী না দিয়ে টাকা আত্মসাতের কথা উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে আটক মাসুদকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মামলা দায়েরের কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।