মংচিন থান,বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। তারা রিপন বাহিনীর সদস্য। এ সময় তাদের কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি ছোড়া উদ্ধার করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পর্যটন কেন্দ্র হরিণঘাটার পাচতলা ওয়াচ টাওয়ারের নিচ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো, পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মো. মহাসিনের ছেলে মো. রিয়াজ (২৩) ও একই এলাকার আ. মান্নানের ছেলে মো. রাজু (২৫)।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান জানান, হরিণঘাটা বনে ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ সাগরে ডাকাতি করার জন্য পূর্ব প্রস্তুতিমূলক বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অবস্থান নেয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কোস্টগার্ডও ৪ রাউন্ড ফাকা গুলি করে।

দুইপক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে হরিণঘাটা বনের মধ্যে দৌড়ে পালানোর সময় দু’জনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। তিনি আরও জানান, ২৩ জুলাই মাছ ধরার ব্যাপারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে। এ কারণে উপকূলের জেলেরা সাগরে যাওয়ার পথেই সঙ্গবদ্ধ জলদস্যুরা ডাকাতির জন্যই এ প্রস্তুতি নিচ্ছিল।

এরা তালতলী উপজেলার বগা এলাকার রিপন বাহিনীর সদস্য। আটকদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করে থানায় সোপর্দ করা হবে।