নড়াইল প্রতিনিধিঃ গোষ্ঠিগত দ্ব›েদ্ব লোহাগড়া উপজেলার গোন্ডব গ্রামে তিন খুনের পর দেড়মাস হতে চললেও বাড়িঘরে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেনা, প্রতিপক্ষের হামলামামলার ভয়ে ভিটেমাটি ছাড়া গোন্ডব, চালিঘাটসহ সংলগ্ন এলাকার নারি শিশুসহ কয়েকশো ভূক্তভোগী মানুষ। কাটছেনা আতঙ্ক। তাদের ফেলে আসা বাড়িঘরে লুটপাট অব্যাহত রয়েছে বলেও অভিযোগ ক্ষতিগ্রস্থদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাশিপুুর ইউনিয়নের গোন্ডব গ্রামের সুলতান মাহমুদ বিপ্লব ও মিরাজ মোল্যা পক্ষের মধ্যে দ্ব›েদ্বর জেরে গত ১০জুন দু’পক্ষে সংঘঠিত ভয়াবহ সংঘর্ষে, মিরাজ পক্ষের মোক্তার ও হাবিব মোল্যা নামে চাচা-ভাইপোসহ তিন ব্যক্তি নিহতও অন্তত ১৫জন আহত হন।

এ ঘটনার পরই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে মামলাহামলার ভয়ে বিপ্লব পক্ষের লোকজন গ্রাম ছেড়ে পালিয়েছে। বুধবার (২২জুলাই) সরেজমিন দেখা গেছে, চালিঘাট শমসের শেখের বাড়ির সামনে চরজন পুলিশ মোতায়েন রয়েছে। এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজমান। বহু বাড়িঘর জনশূন্য।

জনমানবহীন এসব ঘরবাড়ির কোনটি তলাবদ্ধ, আবার কোনটির জানালাদরজা খোলা, ভাঙ্গাচোরা। এ সব ঘরে, অকেজ দু’একটি মালামাল আর ছেড়াময়লা কিছু কাপড়চোপড় ছড়ানো ছিটানো পড়ে থাকা ছাড়া তেমন কিছু অবশিষ্ট নেই।

গোন্ডব পশ্চিম পাড়ায় দেখা হয় শাহিদা বেগম নামে ৭০উর্দ্ধ এক বৃদ্ধার সঙ্গে, তিনি নিজেকে বিপ্লব পক্ষের মোহাম্মদ শেখের বোন বলে পরিচয় দেন, কথা হয় আম্বীয়া নামে মধ্যবয়সী আর এক অসুস্থ নারির সঙ্গে তিনি একই পক্ষের আজিজারের স্ত্রী বলে জানান। তাদের অভিযোগ, পুরুষ শূন্য বাড়িতে ভয়ে ভয়ে বসবাস করছেন, গতরাতে একদল দুর্বৃত্ত হানা দিয়ে তাদের সবকিছু লুট করে নিয়ে গেছে।

খুনের পর থেকে এভাবে বাড়ি বাড়ি হানা দিয়ে যথাসর্বস্ব লুটে নেয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১০জুন সংঘাত পরবর্তী বিপ্লবের পক্ষের অন্তত দু’শো পরিবারের নারি-পুরুষ বাড়িঘর সহায় সম্বল ফেলে পালিয়েছে। অভিযোগ রয়েছে, এমন শতাধিক পরিবারের গরু, ছাগল, ধান, চাউল, আসবাব, স্যালো মেশিনসহ এ পর্যন্ত প্রায় কোটি টাকার মালামাল লুটে নেয়া হয়েছে। ভূক্তভোগী এসব মানুষ বাড়িঘরে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়েছেন।

এদিকে, হত্যাকান্ড পরবর্তী বিচ্ছিন্ন লুটপাটের কথা স্বীকার করে লোহাগড়া থানার অফিসার ইনচার্য সৈয়দ আশিকুর রহমান জানান, লুটপাটের ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তিনি সবার প্রতি, আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবন যাপনের আহবানের পাশাপাশি বেআইনী কোন কাজের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া কথা জানান।