কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাই ক্যাম্পের অভিযানে বিপুল পরিমান ভারতীয় বিড়িসহ ২ জন শীর্ষ চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৫, রাজশাহীর সহকারী পরিচালক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১ লাখ পিস ভারতীয় পাতার বিড়িসহ ২ জন শীর্ষ চোরাকারবারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিন্ত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নওগাঁ জেলার বনগাঁ চান্দইল এলাকার যশোদা বর্মন ও মহাদেব বর্মনের ছেলে শচীন বর্মন (৩৪) ও মল্লিকপুর নিয়ামতপুর থানার মোসা. আছিয়া বেওয়া ও মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. বাবর আলী (৪০)।
জানা গেছে, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার গাংগোর বাজারের দক্ষিন পাশে তেঁতুল গাছের নীচে কয়েক ব্যক্তি অবৈধ ভারতীয় আমদানী নিষিদ্ধ পাতার বিড়ি বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার সময় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাই ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। হাতেনাতে গ্রেপ্তার করা হয় দুজনকে।
এ সময় গাছের নীচ থেকে ৬০ হাজার টাকা মূল্যের ১ লাখ বিড়িসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে র্যাব।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নওগাঁ থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়।