আরিফ আহমেদ মুন্না, অতিথি প্রতিবেদক: বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ। শনিবার শোক দিবসের প্রত্যুষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনভর বিভিন্ন শোক কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের নেতৃত্বে এরপরে শোক র‌্যালি, আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত এবং কাঙ্গালিভোজ অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে একটি শোক র‌্যালি বাবুগঞ্জ কলেজ গেটে প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধারা ছাড়াও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে শোক র‌্যালিতে জনতার ঢল নামে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্ট কালরাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।