মো: ইয়াছিন শেখ, ঈশ্বরদী প্রতিনিধি : স্মরণকালের মধ্যে এই প্রথম ঈশ্বরদীতে ১৫০০ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের দরিনারিচা হরিজন কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হলেন- হিরা গোপালের ছেলে জিতন (২৫), হিরা লালের ছেলে মহেশ লাল (৪০) ও মৃত রমেশের ছেলে কার্তিক (২৫)। মাদক ব্যবসায়ীরা সকলে দরিনারিচা হরিজন কলোনী এলাকার বাসিন্দা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, গোপন সূত্রের ভিত্তিতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানের সময় ওই এলাকার প্রায় প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে চোলাই মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
প্রসঙ্গত: চলতি বছরের ২৯ জুলাই দরিনারিচা হরিজন কলোনী থেকে ১২০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়। এসময় ঘটনাস্থল থেকে ৯ জনকে পুলিশ আটক করে।