নিজস্ব প্রতিবেদক : করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে বরিশালে বিশাল বর্নাঢ্য র‌্যালী করেছে পুলিশ। এ সময় জনসাধারনের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেন পুলিশ কমিশনার।

মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার উদ্যোগে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর দক্ষিন সদর রোডের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্ব্র থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে ‘আসুন সকলে মাস্ক পড়ি, একে অপরকে সুরক্ষিত রাখি, মাস্ক ব্যবহার করুন, নিজেকে বাঁচুন, অন্যকে বাঁচান এবং মাস্ক পড়ুন, সুস্থ থাকুন’ সহ বিভিন্ন শ্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়।

সদর রোড ও জেলখানা মোড় প্রদক্ষিন শেষে র‌্যালীটি সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেন এবং কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

সমাবেশে বক্তারা শীতে করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে জনসাধারনকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে পথচারী ও দোকানীদের মাঝে মাস্ক বিতরন ও সচেতনতামূলক লিফলেট এবং বিভিন্ন যানবাহনে স্টিকার সাটিয়ে দেন পুলিশ কর্মকর্তারা।

এ সময় পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, করোনা প্রকোপ ঠেকাতে শুরু থেকেই পুলিশ ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করছে। শীত প্রধান দেশগুলোতের দ্বিতীয় ইদানিং করোনার প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যেটাকে করোনার দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বাংলাদেশেও দেখা দিতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সবাইকে আগেই সতর্ক এবং সচেতন করেছেন।

এ বিষয়টি জনগনকে অবহিত করতে ব্যাপক প্রচার-প্রচারনা দরকার। এরই অংশ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচী হাতে নিয়েছে। র‌্যালী ছাড়াও জনসচেতনতার জন্য লিফলেট ও বিভিন্ন যানবাহনে স্টিকার দেয়া হচ্ছে।

বিনামূল্যে বিতরন করা হচ্ছে মাস্ক। বিনাপ্রয়োজনে জনসাধারনকে ঘরের বাইরে না যাওয়া এবং সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আহ্বান জানান বিএমপি কমিশনার।