অনলাইন নিউজঃবরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। এ নির্বাচন সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি। দলটির যুগ্ম মহাসচিব ও জেলার সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে মেয়র পদে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রাজধানীর বনানীর তার কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে ইকবাল হোসেনের হাতে প্রাথমিক মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের।

মেয়র পদে মনোনয়ন পাওয়ার পর ইকবাল হোসেন বলেন, পার্টির চেয়ারম্যান বরিশালে পার্টিকে ঢেলে সাজিয়ে শক্তিশালী করা এবং সিটি নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগাম মনোনয়নপত্রে বরিশাল সিটি করপোরেশন এলাকায় জাতীয় পার্টির সব স্তরের কমিটি গঠন করতে ইকবাল হোসেনকে ক্ষমতা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, ইকবাল হোসেন সৃজনশীল সংগঠক। তিনি দলকে উজ্জীবিত এবং সুসংগঠিত করেছেন।

মহানগর জাতীয় পার্টির সভাপতি মরতুজা আবেদীন বলেন, দলীয় নেতাকর্মীদের সিটি নির্বাচনের জন্য আগাম প্রস্তুতি নিতে মেয়র পদে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন পেয়ে মঙ্গলবার বিকেলে ইকবাল হোসেন সমকালকে বলেন, সর্বশেষ বিসিসি নির্বাচনে (২০১৮) শেষ মুহূর্তে দল থেকে তাকে বহিষ্কার করা হলেও তিনি নির্বাচনী মাঠ ছাড়েননি। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আগামী নির্বাচনে নগরবাসীর রায় পেলে নগরীতে পরিকল্পিত উন্নয়ন করার প্রত্যাশা রাখেন।

২০১৮ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত হয় বিসিসির চতুর্থ নির্বাচন। ওই নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে মেয়র প্রার্থী ছিলেন প্রকৌশলী ইকবাল। নির্বাচনের দু’দিন আগে পার্টির তৎকালীন চেয়ারম্যান এইচ এম এরশাদ দলীয় সিদ্ধান্তের বাইরে মেয়র প্রার্থী হওয়ায় ইকবালকে দল থেকে বহিষ্কার করেছিলেন। তবে কিছুদিন পর তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়।সূত্রঃ সমকাল