অনলাইন নিউজ: মাঠের ট্রফি জয়ের লড়াই তো আছেই, তবে চলতি বিশ্বকাপে সমান্তরালভাবে চলছে এক অন্যরকম রাজকীয় মর্যাদার লড়াই। ফুটবল মহাযজ্ঞের ইতিহাসে দলগতভাবে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজেদের করে নেওয়ার এক চরম উত্তেজনাপূর্ণ দ্বৈরথে মেতেছে দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানি।

রেকর্ডের এই ইঁদুর-বিড়াল দৌড়ে কুরাসাওকে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়ে সাময়িকভাবে সিংহাসনটা কেড়ে নিয়েছিল জার্মানি। তবে জার্মানদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সেলেসাওরা। হাইতির বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মুকুট আবারও নিজেদের মাথায় পরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই চড়াও হয়ে খেলে ব্রাজিল।

আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা। ম্যাচে ব্রাজিলের হয়ে একাই জোড়া গোল করে স্পটলাইট কেড়ে নেন ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা। এই ৩ গোলের সুবাদে বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের মোট গোলসংখ্যা এখন ২৪১টি। ফলে ২৩৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকা জার্মানির চেয়ে ২ গোল এগিয়ে থেকে আবারও চূড়ায় বসল সেলেসাওরা।
ব্রাজিল ও জার্মানি যখন গোলের ডাবল সেঞ্চুরি পার করে আড়াইশর কাছাকাছি পৌঁছে গেছে, সেখানে বাকি পরাশক্তিরা রয়েছে অনেক পিছিয়ে। চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসির চোখধাঁধানো হ্যাটট্রিকের পর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫-তে। তালিকায় তারা অবশ্য তৃতীয় অবস্থানেই রয়েছে। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পেদের দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সের গোলসংখ্যা এখন ১৩৯। এদিকে ১২৮ গোল নিয়ে পঞ্চম স্থানে আছে টানা তৃতীয় বারের মতো বিশ্বকাপে দর্শকের ভূমিকায় থাকা ইতালি।