নিজস্ব প্রতিবেদক : দৈনিক বরিশাল বার্তা পত্রিকার সিনিয়র রিপোর্টার কাজী জাহিদের বাবা গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সিসিইউ (CCU) বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর হৃদযন্ত্রে চারটি বড় ধরনের ব্লক ধরা পড়েছে এবং দ্রুত বাইপাস সার্জারি করানো জরুরি। প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ায় পরিবারটি এখন চরম অসহায় অবস্থার মধ্যে রয়েছে।

জানা গেছে, এনজিওগ্রাম রিপোর্টে চারটি গুরুতর ব্লক শনাক্ত হওয়ার পর প্রথমদিকে অর্থ সংকটের কারণে রিং (স্টেন্ট) বসানো সম্ভব হয়নি। এদিকে সময়ের সঙ্গে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে দায়িত্বরত চিকিৎসকরা জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করার পরামর্শ দিয়েছেন। বিলম্ব হলে যেকোনো সময় বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও নানা অনিয়ম-অবিচারের সংবাদ তুলে ধরছেন কাজী জাহিদ। কিন্তু আজ নিজের বাবার জীবন রক্ষার লড়াইয়ে তিনি আর্থিক সংকটে অসহায় হয়ে পড়েছেন। ব্যয়বহুল এই অস্ত্রোপচারের খরচ বহন করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন কাজী জাহিদ। তিনি আশা প্রকাশ করেন, সবার আন্তরিক সহায়তা ও দোয়া তাঁর বাবার জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানবিক এই সংকটে একটি পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সামান্য সহযোগিতাও হতে পারে একজন অসুস্থ মানুষের নতুন জীবনের আশার আলো। তথ্যসূত্রঃবরিশালবানী