অনলাইন নিউজঃ কুমিল্লার নাঙ্গলকোটে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন নবদম্পতি। এতে স্বামী নয়ন হোসেনের (২৪) মৃত্যু হলেও মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী বর্ষা বেগম (২২)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর বাজারের রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। বর্ষা বেগম চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।
নয়নের ভাই সোহেল ও বোন শিরিনা আক্তার জানান, প্রায় এক মাস আগে নয়ন ও বর্ষা প্রেম করে বিয়ে করেন। কেন তারা একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন, তা তাদের জানা নেই।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মো. শাহীন জানান, হাসপাতালে আনার পর তাদের পাকস্থলী ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে নয়ন হোসেনের কোনো লাইফ সাইন পাওয়া যায়নি। আর তার স্ত্রী বর্ষার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজনেই বিষপান করেন। স্বামীর মৃত্যু হয়েছে। স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।