সোহেল আহমেদ: কিশোর অপরাধ প্রবণতা সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত ঘটনাগুলোর একটি। এর মাত্রা এতোটাই বেড়ে গেছে যে, দেশের কোথাও না কোথাও প্রতিদিনই ঘটছে অনাকাঙ্খিত ঘটনা। প্রশাসনের নানা কৌশলেও প্রত্যাশিত প্রতিরোধের দেখা মিলছেনা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তান হত্যার ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টায় ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করবে এটাই স্বাভাবিক। কিন্তু কিশোর অপরাধ প্রতিরোধ করা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয় বরং এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের ইতিবাচক ভুমিকা খুবই জরুরী বলে মনেকরছি। সকলের সম্মিলিত চেষ্টা আর সামাজিক সচেতনতায় এটি প্রতিরোধ করা যাবে বলে ধারণা করছি।

একটা ঘটনা দিয়ে আলোচনা করা যাক। বছর পাঁচে আগে বরিশাল সদর উপজেলায় একটি ওরশ মাহফিলে গিয়েছিলাম। ধর্মীয় ওই অনুষ্ঠানটির আয়োজক ছিলেন আমার নিকট আত্মীয় । বিশাল মাঠজুড়ে আলোক সজ্জায় রঙিন আশপাশ। অনুষ্ঠানে হাজারও মানুষের উপস্তিতিতে অবাক হয়েছিলাম। বাউল শিল্পীরা মঞ্চ মাতাতে শুরু করলেন।

একজন দিনমজুরের চেষ্টায় এতো বড়ো একটি আয়োজন ঠিকঠাক চলছিলো। হঠাৎ একদল কিশোরদের বিশৃংখলা শুরু হলো। যেহেতু কাগজে লেখালেখি করি তাই এঘটনার কারণ খুঁজতে গিয়ে দেখি ইভটেজিং এর প্রতিবাদ করায় নিকট আত্মীয়ের ওপর চড়াও হচ্ছে কিশোরদের একটা গ্রুপ। কেউ কাউকে ছাড় দিচ্ছেনা। কারও কথাও শুনছেনা কেউ। সময়ের সাথে সাথে ৪০/৫০ জন হাজির। সবাই মারমুখী অবস্থানে রয়েছে।

পরিস্থিতির অবনতির আশংকায় দ্রুত মঞ্চ ছাড়লেন আগত শিল্পীরা। উত্তেজিত কিশোরদের হাতে পায়ে ধরলাম কত অনুষ্ঠানটি যেনো মাটি না হয়। তবুও তারা বুজতে চাইলো না। উপায়ন্ত না পেয়ে আয়োজকদের পক্ষ থেকে তৎকালীন সময়ে ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতাকে বিষয়টি জানানো হলে তাৎক্ষনিকভাবে তিনি ঘটনাস্থলে চলে আসেন। ওই নেতা আসার সঙ্গে সঙ্গে উত্তেজিত তরুণরা সরে যায়। রাতের পর সকাল হলে দেখে নেবে বলে হুমকি ধামকি দিয়ে যায়। নিরাপত্তার জন্য ওই নেতার পাহাড়ায় রাতভর অনুষ্ঠান চালাতে হয়।

ভয়ংকর বিষয় হলো, এই বিশৃঙ্খল কিশোরদের আশ্রয়দানকারী রাজনৈতিক নেতা ছাড়া অন্য কেউ এদের অপরাধের বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেনা। কিশোর অপরাধের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে চাইলে তাকে হেনস্থার শিকার হতে হয়। তাই মানসম্মানের ভয়ে এলাকার মুরুব্বিরা আর এগিয়ে আসেননা।

একসময় এলাকার নানা নির্যাতনে নিপীরণ নিয়ে যেসব গণ্যমান্য ব্যক্তিরা বিচার শালিশি করে মিমাংসা দিতেন তাঁরা আজ যুবকদের নিকট অসহায়। কেউই যুবকদরে অন্যায় দেখলে আগের মত শাসন করেননা। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই নাকি বিভিন্ন ইস্যুতে নিরাপরাধ হয়েও মামলা, পুলিশ এর হয়রানীর স্বিকার হতে হয়।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করলাম বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে আশংকাজনক ভাবে কিশোর অপরাধ বেড়ে গেছে। অধিকাংশ কিশোর মাধ্যমিকের গন্ডি পাড় হয়েছে বলে মনে হয়না। অনেকেই মনে করেন, এসব তরুণরা বিভিন্ন দলের রাজনৈতিক প্রগামে গিয়ে ওই দলের সমার্থক বনে যায়। একটা সময় রাজনৈতিক সম্পৃক্তাকে পুঁজি করে ছোট ছোট অপরাধে জড়িয়ে যায়। হয়তো এসব বিষয়ে অবগতোও থাকেননা দলের সিনিয়র নেতারা। কিন্তু বড়ো কোনো ঘটনা ঘটে গেলে দায় কিন্তু সংশ্লিষ্ট নেতারাও এড়াতে পারেননা। জনতার কাছে তাদের ইমেজ সংকটে পড়তে হয়।

অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন বিভিন্ন জেলায় অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য বর্তমান সরকারে ও বিরোধীদলে থাকা সকল পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গের এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই দেশটা আমাদের। আমরা সাধারণ মানুষেরা কোনভাবে খেয়ে পড়ে শান্তিতে বাস করতে চাই। অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে সমাজে বিশৃংখলা সৃষ্টি হোক এটা কাম্য নয়।

লেখকঃ সাংবাদিক