অনলাইন নিউজ: কক্সবাজারে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ এবং শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেছেন, কক্সবাজারে কোনো কিশোর গ্যাং থাকবে না। সন্ধ্যার পর স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের রাস্তায় পাওয়া গেলে তাদের উপযুক্ত কারণ দেখাতে হবে।
সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে তাদের গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বাবা-মায়ের কাছেও জবাবদিহি চাওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, কিশোরদের অপরাধপ্রবণতা রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং সন্ধ্যার পর কেন বাইরে থাকছে, সে বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার আগেই তাদের নিয়ন্ত্রণ ও সঠিক পথে পরিচালিত করতে হবে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের নামে কোনো ধরনের অপরাধ, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
নারী ও শিশুর প্রতি সহিংসতা, কিশোর অপরাধ, মাদকাসক্তি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
সমাবেশে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।সূত্র:দৈনিক ইনকিলাব