অনলাইন নিউজ: ছোটবেলা একটা কথা সবাই হয়তো শুনেছেন, ‘শব্দ করে পড়ো, নাহলে পড়া মনে থাকবে না।’ এদিকে পড়াশোনার ক্ষেত্রে কেউ নীরবে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আবার কেউ শব্দ করে পড়া পছন্দ করেন। তবে শেখার ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি কার্যকর—মনে মনে পড়া, নাকি শব্দ করে পড়া?
তবে বিভিন্ন গবেষণার বরাতে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আসলে দুই পদ্ধতিরই আলাদা সুবিধা রয়েছে। কোনটি বেশি কাজে দেবে, তা নির্ভর করে পড়ার বিষয়, উদ্দেশ্য এবং শেখার লক্ষ্যের ওপর। গবেষণায় দেখা গেছে, বিশেষ করে কিছু তথ্য মনে রাখার ক্ষেত্রে শব্দ করে পড়া বাড়তি সুবিধা দিতে পারে।
তবে চলুন জেনে নেয়া যাক—
মনে মনে পড়ার কী সুবিধা?
নীরবে পড়ার সময় প্রতিটি শব্দ উচ্চারণ করতে হয় না। তাই তুলনামূলক দ্রুত পড়া যায় এবং অল্প সময়ে বেশি লেখা শেষ করা সম্ভব। বড় অধ্যায়, গল্প, সংবাদ কিংবা পরীক্ষার আগে দ্রুত পুনরাবৃত্তির জন্য এ পদ্ধতি বেশ কার্যকর।

সর্বশেষ খবর
তবে নীরবে পড়ার সময় মনোযোগ অন্যদিকে চলে যাওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় চোখ বইয়ের পাতায় থাকলেও পড়ার বিষয়বস্তু ঠিকভাবে খেয়াল করা হয় না। এ সমস্যা এড়াতে প্রতিটি অংশ পড়ার পর নিজেকে প্রশ্ন করা যেতে পারে—কী পড়লাম, মূল বক্তব্য কী? নিজের ভাষায় উত্তর দিতে পারলে বোঝা যাবে বিষয়টি কতটা আয়ত্ত হয়েছে।

শব্দ করে পড়ার উপকারিতা কী?
উচ্চস্বরে পড়ার সময় চোখে লেখা দেখার পাশাপাশি নিজের কণ্ঠও শোনা যায়। ফলে একই তথ্য একাধিকভাবে মস্তিষ্কে পৌঁছায়। গবেষণায় এ সুবিধাকে ‘প্রোডাকশন ইফেক্ট’ বলা হয়। কিছু গবেষণায় দেখা গেছে, শব্দ করে পড়লে নির্দিষ্ট কিছু তথ্য পরবর্তী সময়ে মনে রাখার ক্ষমতা বাড়তে পারে।
নতুন শব্দ শেখা, ভাষা অনুশীলন, কবিতা পড়া কিংবা কঠিন বিষয় আয়ত্ত করার ক্ষেত্রে এ পদ্ধতি কাজে আসে। পাশাপাশি উচ্চারণের ভুলও সহজে ধরা পড়ে। বিশেষ করে ইংরেজি বা অন্য কোনো নতুন ভাষা শেখার সময় নিজের উচ্চারণ শুনে ভুল সংশোধন করা সম্ভব।
এখন সবার মনে একটি প্রশ্ন উঠতে পারে, শব্দ করে পড়লেই কি বেশি মনে থাকে?

মূলত শব্দ করে পড়ার স্মৃতিগত সুবিধা থাকলেও সব ধরনের পড়াশোনার জন্য এটিই সেরা পদ্ধতি—এমন নয়। ২০২৪ সালে ‘মেমোরি অ্যান্ড কগনিশন’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, উচ্চস্বরে পড়লে পাঠ্য মনে রাখার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। তবে পাঠের অর্থ ও গভীর বোঝাপড়ার ক্ষেত্রে একই সুবিধা সব সময় পাওয়া যায়নি।
অর্থাৎ কোনো তথ্য হুবহু মনে রাখার জন্য শব্দ করে পড়া সহায়ক হতে পারে, কিন্তু এতে বিষয়টি গভীরভাবে বোঝা নিশ্চিত হয় না। তাই পড়ার পর নিজের ভাষায় বিষয়টি ব্যাখ্যা করার অভ্যাসও জরুরি।
এদিকে সবার মধ্যে একটি সাধারণ ধারণা রয়েছে, মনে মনে পড়লে স্মৃতিশক্তি কমে যায়। আদৌ কি তাই?
এমন ধারণার ভিত্তি নেই বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মনে মনে পড়েও ভালোভাবে শেখা এবং তথ্য মনে রাখা সম্ভব। বিশেষ করে বড় অধ্যায় বা দীর্ঘ লেখা দ্রুত পড়ে মূল বিষয় বুঝতে নীরব পাঠ সুবিধাজনক। শব্দ করে পড়ার কিছু স্মৃতিগত সুবিধা থাকলেও নীরবে পড়া অকার্যকর—গবেষণায় এমন কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

তাহলে পড়া মনে রাখার জন্য সবচেয়ে কার্যকর কৌশল কোনটি?
পড়ার পাশাপাশি অ্যাকটিভ রিকল (Active Recall) অভ্যাস করা যেতে পারে। কয়েক পৃষ্ঠা পড়ার পর বই বন্ধ করে নিজের স্মৃতি থেকে মূল বিষয় ও গুরুত্বপূর্ণ তথ্য মনে করার চেষ্টা করুন। বিষয়টি নিজের ভাষায় অন্যকে বোঝাতে পারছেন কি না, সেটিও যাচাই করুন।
দ্রুত পড়া ও সামগ্রিক ধারণা পাওয়ার জন্য নীরবে পড়া কার্যকর। অন্যদিকে নতুন শব্দ, কঠিন বিষয় ও গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে উচ্চস্বরে পড়া সহায়ক।
তাই ভালো ফল পেতে প্রথমে নীরবে পড়ুন, কঠিন অংশ উচ্চস্বরে পড়ুন এবং শেষে বই বন্ধ করে নিজের ভাষায় মনে করার চেষ্টা করুন। এতে পড়া বোঝা ও দীর্ঘদিন মনে রাখা সহজ হবে।