বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতী সন্তান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও দানবীর প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ তাঁর জীবনের আবেগ, স্মৃতি ও ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ। যে প্রতিষ্ঠানে তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বছর কেটেছে, সেই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাওয়াকে তিনি নিজের আনন্দ, দায়িত্ব ও অঙ্গীকার হিসেবে দেখেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে ইকবাল হোসেন তাপস বলেন, ‘এই প্রতিষ্ঠানেই আমার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বছর কেটেছে। এখান থেকেই আমি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছি। পরবর্তীতে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি আমার শৈশব, স্মৃতি, আবেগ ও ভালোবাসার একটি অবিচ্ছেদ্য অংশ। আমার সৌভাগ্য যে, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।’
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ইকবাল হোসেন তাপস প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষকদের আন্তরিকতা এবং সবার সহযোগিতায় চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ শিক্ষার গুণগত মান ও সাফল্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, ‘যে প্রতিষ্ঠানের কাছে আমার ঋণ, সেই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাওয়াই আমার আনন্দ, দায়িত্ব ও অঙ্গীকার।’
মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগমসহ কলেজ ও স্কুল শাখার অধ্যাপক, প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।