অনলাইন নিউজ: অনুমতি ব্যতীত রাজধানী ঢাকার আকাশে ড্রোন ওড়ানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (১৩ আগস্ট) আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিভিন্ন ধরনের ড্রোন উড্ডয়ন করে থাকেন। যে কোনো ধরনের ড্রোন উড্ডয়নের জন্য অনুমতি দেওয়ার বিষয়টি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের এখতিয়ারভুক্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া, অননুমোদিত ড্রোন ওড়ানো জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করাসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে। এজন্য জননিরাপত্তা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ঢাকা মহানগরীতে অননুমোদিতভাবে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হলো।

কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন না ওড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

আগস্ট মাসকে কেন্দ্র করে সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী এবং জঙ্গি সংগঠনগুলোও অরাজকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা থেকেই বাড়তি এই সতর্কতা বলে জানা গেছে।