অনলাইন নিউজ: ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর বেজায় ক্ষুব্ধ একসময়ের পর্দা কাঁপানো বলিউড অভিনেত্রী, বর্তমানে রাজনীতিবিদ ঊর্মিলা মাতোন্ডকর। তার অভিযোগ, মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর গত ২২ দিন ধরে তিনি শ্বশুর-শাশুড়ির কোনো খোঁজ-খবর পাচ্ছেন না।

ঊর্মিলার ব্যবসায়ী স্বামী মহসিন আখতার মীরের বাবা-মা কাশ্মীরে বসবাস করেন। বৃহস্পতিবার ঊর্মিলা সংবাদিকদের বলেন, “তারা দুজনই ডায়াবেটিস আক্রান্ত, তাদের উচ্চ রক্তচাপও আছে।

আজ ২২ দিন ধরে আমি বা আমার স্বামী কেউই তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে বা কথা বলতে পারিনি। জানিনা তাদের কাছে প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত আছে কিনা, তারা দুজনই অসুস্থ।”

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটি শুধু সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা নিয়ে প্রশ্ন নয়। বরং কতটা অমানবিকভাবে এটা করা হয়েছে, প্রশ্ন সেটি।”

গত ৫ অগাস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্র শাসন জারি করে। এরপর থেকে বলতে গেলে অবরুদ্ধ অবস্থায় আছেন কাশ্মীরিরা। বিপুলসংখ্যক বাড়তি সেনা মোতায়েন করে অঞ্চলটিকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে।