ফারুক হাসান, বেনাপোল: যশোর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ৪ হাজার ৬শত মার্কিন ডলারসহ অশোক বিশ্বাস (৫৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় তাকে আটক করা হয়।
আটককৃত অশোকের বাড়ি ভারতের ২৪পরগনা জেলার গাইঘাটা থানার দেবীপুর গ্রামে। তার পিতার নাম জিতেন্দ্রনাথ। পাসপোর্ট নং জেড ৫১১২৩৩০।
তিনি বিজনেস ভিসা নিয়ে প্রায়ই ভারত থেকে বাংলাদেশে আসা যাওয়ার পথে বৈদেশিক মুদ্রা পাচার করতেন বলে বিজিবি জানায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৬০০ আমেরিকান ডলার, ৬৫০ ভারতীয় রুপি ও ৮ হাজার বাংলাদেশি টাকাসহ ভারতীয় নাগরিক অশোক বিশ্বাসকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
প্রসঙ্গত, এর আগে বুধবার চেকপোস্টের সদস্যরা ২৫ হাজার ডলারসহ রাকেশ মন্ডল নামে আরো এক ভারতীয় নাগরিককে আটক করেন।
রাকেশ মন্ডল বিজিবিকে জানিয়েছেন চেকপোস্টের একজন কুলির মাধ্যমে তিনি দীর্ঘদিন যাবত ভারত থেকে বৈদেশিক মুদ্রা পাচার করে থাকেন। এই বড় ডলারের চালানটিও পাচারের সহযোগিতা করেন সেই কুলি।