অনলাইন নিউজ: দিনাজপুরের নবাবগঞ্জে আশুরার বিল আর বিশাল শালবাগানকে ঘিরে গড়ে উঠেছে শেখ রাসেল জাতীয় উদ্যান। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি, দেশি প্রজাতির বিভিন্ন মাছ আর শাপলা-শালুক উৎপাদনে নির্মাণ করা হচ্ছে রাবারের বেড়িবাঁধ। স্থানীয়রা বলছেন, এতে পর্যটনের সুযোগ যেমন তৈরি হবে, তেমনি বাড়বে কর্মসংস্থানও।

দিনাজপুরের নবাবগঞ্জে আশুরার বিল ও বিশাল শালবাগানকে ঘিরে গড়ে উঠেছে শেখ রাসেল জাতীয় উদ্যান।  ২০১০ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণার পর পর্যটকদের নজর কাড়তে ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে ৯শ’ মিটারের দৃষ্টিনন্দন শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতু।  পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় উদ্যানটিতে শুরু হয়েছে রাবারের বেড়িবাঁধ নির্মাণের কাজ।  এতে আশুরার বিলে বাড়বে মাছের উৎপাদন।  কর্মসংস্থানের সুযোগ হবে এক হাজার জেলে পরিবারের।

উদ্যানের ১৩শ’ ৮৫ একর এলাকাজুড়ে রয়েছে শালবন আর ৫৮৮ একরের জলাভূমি।  স্থানীয় বন কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানালেন, এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রাবার বাঁধটি ব্যাপক ভূমিকা রাখবে।

বেড়িবাঁধটি উদ্যানের সৌন্দর্য যেমন বাড়াবে, তেমনি সৃষ্টি হবে কর্মসংস্থানের।

১৮ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে রাবার বাঁধটি নির্মিত হলে স্থানীয়দের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।