আকতার হোসেন, মিরসরাই,চট্টগ্রাম: মিরসরাইয়ে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, গুলি ও বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্রসহ মহিন উদ্দিনকে (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মিরসরাই উপেজলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের তুলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহিন তুলাবাড়িয়া গ্রামের মো. নুরুল ইসলাম প্রকাশ জুনুর ছেলে। সহকারী পুলিশ সুপার ও র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তুলাবাড়িয়া এলাকার মো. নুরুল ইসলাম জুনুর নির্মাণাধীন দ্বিতীয় তলায় অভিযানে সুকৌশলে লুকিয়ে রাখা দুটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, ৯টি রামদা, একটি চাপাতি, একটি চা ইনিজ কুড়াল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ের তুলাবাড়িয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মহিন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দুটি ওয়ান শুটারগান, গুলি ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মহিন উদ্দিন দীর্ঘদিন ওই অঞ্চলে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। সাধারণ মানুষ তার অস্ত্রের মুখে জিম্মি ছিল।