অনলাইন নিউজ : বৃষ্টি চোখ রাঙ্গাচ্ছে কাল রাত থেকেই। আজ সকাল থেকে ভারি বর্ষণ না হলেও রাজধানী ঢাকার আকাশ ঘন-কালো মেঘে ঢাকা। দুপুরে ঝড়ো বাতাসের সঙ্গে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। এরপর থেকে আকাশে মেঘের ঘনঘটা। বজ্রপাত হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোন সময় আবারও বৃষ্টি আসতে পারে। কোথাও কোথাও ভারী মানে মুষলধারে না হলেও একটু আধটু বৃষ্টি হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিকাল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৬১ ভাগ, ৫ টায় ৪৮ ভাগ, ৬টায় ৪২ ভাগ, ৭টায় ৩২ ভাগ, ৮টা ২৯ ভাগ। এরপর ৮ থেকে রাত ১২টা পর্যন্ত ২৯-১৫ ভাগ। অর্থ্যাৎ, সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরুর আগে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে। এরপর খুব একটা নেই। সুতরাং, খেলা যদি কোনোভাবে সময়মত শুরু করা যায়, তাহলে সেটা বন্ধ হওয়ার সম্ভাবনাও কম।
এখন খেলাপ্রেমি, বিশেষ করে ক্রিকেট অনুরাগিদের কপালে চিন্তার ভাঁজ, আজ বাংলাদেশ আর আফগানিস্তানের তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল হবে তো? আর যদি হয়ও, তাহলে বৃষ্টিতে কি খেলা সঠিক সময়ে শুরু করা যাবে?
এর পাশাপাশি আরও একটি প্রশ্ন অনেকের মনে, ‘বৃষ্টিতে যদি সত্যি খেলা নাই হয়, তাহলে কি হবে? ধরা যাক একটি বলও হলো না। কিংবা হয়েও বৃষ্টির পরে ম্যাচ পরিত্যক্ত হলে কি হবে? সে প্রশ্নের জবাব, আদৌ খেলা না হলে বা কোন কারনে আজকের ফাইনাল পরিত্যক্ত হলে দু’দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করা হবে।
অর্থাৎ বৃষ্টি বা অন্য কোন প্রাকৃতিক কারণে আজকের (মঙ্গলবার) ফাইনাল না হলে আর রিজার্ভ ডে নেই। মানে আজ খেলা না হলে কাল বুধবার ফাইনাল হবার কোনই সম্ভাবনা নেই। বিসিবির নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্র এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও অন্যতম পরিচালক আকরাম খান জাগো নিউজকে আজ মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেল নামার আগে জানালেন, ফাইনাল আদৌ না হলে কিংবা পরিত্যক্ত হলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দু’দলকে।
এর কারণ ব্যাখ্যা করেননি আকরাম। তবে ধারনা করা হচ্ছে, রাউন্ড রবিন লিগের দুই পর্বে দু’দল একটি করে ম্যাচ জেতায় এমনটা ভাবা হচ্ছে বা করা হবে। কোন দল দু’বার জিতলে হয়ত সেই দলকে বিজয়ী ঘোষণা করা হতো; কিন্তু প্রথম পর্বে যেহেতু আফগানরা জিতেছে আর ফিরতি পর্বের বিজয়ী দল যেহেতু বাংলাদেশ, তাই দু’পক্ষের জয়-পরাজয় সমান। এ কারণেই বৃষ্টি ফাইনালের পথে বাঁধা হলে দু’দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।