অনলাইন নিউজ:সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ৬ অক্টোবর (রোববার)।

প্রতিমন্ত্রী ও সচিব সম্মতি দিলে ৬ অক্টোবর থেকে জেলা পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করা হবে। যা এক সপ্তাহের মধ্যে শেষ হবে। মৌখিক পরীক্ষার পর নভেম্বরের প্রথম দিকে ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. বদরুল হাসান বাবুল।

তিনি বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলা শিক্ষা অফিসে লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। ৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু করার কথা ভাবা হচ্ছে।

জেলা পর্যায়ে চার সদস্যের কমিটির উপস্থিতিতে মৌখিক পরীক্ষা হবে। এক সপ্তাহের মধ্যে এ পরীক্ষা শেষ করা হবে। এরপর নভেম্বরের প্রথম দিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ২০ নাম্বার নির্ধারণ থাকবে। এতে একাডেমিক সনদের ওপর চার নাম্বার, উপস্থিতির জন্য চার এবং চার কমিটির সদস্যদের কাছে ১২ নাম্বার (প্রতিজনের কাছে তিন নম্বর) বরাদ্দ থাকবে।

গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা হয়।

চলতি মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন। এবার মৌখিক পরীক্ষার মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৭ জনকে নির্বাচন করে নিয়োগের জন্য চূড়ান্ত করে ফল প্রকাশ করা হবে।