কামরুজ্জামান, বাগেরহাট থেকে: আজ সকালে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া-শ্যামবাগাত নামক স্থানে প্রকাশ্যে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

টাকা বহনকারী আহত দুই জন -ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের নেয়ামত শেখ (৩৮) এবং সদর উপজেলার রণজিৎপুর গ্রামের বিদ্যুৎ দাস ওরফে রাঁধাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের রিয়া ট্রেডার্সের দুই কর্মচারী নেয়ামত শেখ ও বিদ্যুৎ দাস ১৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে কাটাখালি সাউথবাংলা ব্যাংকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর একটি মোটরসাইকেল তাঁদের অনুসরণ করে।

এটা বুঝতে পেরে তাঁরা দ্রুত মোটরসাইকেল চালাতে থাকে।

এসময় ছিনতাইকারীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজনের শরীরে দুটি ও অপর জনের একটি গুলি লাগে।

তবে তাঁরা টাকা নিতে পারেনি। তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।