অনলাইন নিউজ:ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুরে অবস্থিত সাংবাদিক এবিএম মুসা সেতুটি ভ্রমণ পিপাসুদের জন্য মনোরম স্পট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

প্রতিদিন বিভিন্ন শ্রেণিপেশার সৌন্দর্য্য পিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ ও অনলাইনে প্রাকৃতিক সৌন্দের্য্যের স্পটটির সুখ্যাতি ভাইরাল হয়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেনী জেলার ফুলগাজী উপজেলা আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ‘হাজীর ভাগনা’ নামে খ্যাত এবিএম মুসা সেতুটি প্রায় ৪ শত বছরের পুরানো। আশির দশকে লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম যোগাযোগমন্ত্রী থাকাকালে স্টীল ও কাঠ দিয়ে ব্রীজটি নির্মাণ করেন। উপজেলার বৃহত্তম এই সেতুটি নির্মিত হওয়ার পর ইতোমধ্যে সেখানে পর্যটন প্রেমীদের আনাগোনা শুরু হয়ে গেছে। পর্যটন কেন্দ্র হিসেবে এটি বেশ সুন্দর নিরিবিলি স্থানও বটে। এই ভাগনা দিয়ে দীর্ঘদিন পানি প্রবাহিত হওয়ার ফলে ফসলী জমির উপর খালের সৃষ্টি হয়। পরে এই খালটিকে উপজেলার শ্রীচন্দ্রপুর অংশের মুহুরী নদীর সাথে মিলিত করা হয়।

ফুলগাজী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস ভানু জানান, ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউপির দক্ষিণ ধর্মপুরে, আমজাদহাট-ইসলামিয়া বাজার-ঘাটঘর-বশিকপুর সড়কের ঐতিহাসিক হাজীর ভাগনার ১৪০.২০ মিটার দৈর্ঘ্য এই সেতুটি পুর্ণাঙ্গ রূপ নিয়েছে। পরে সাংবাদিক এবিএম মুসার দাবির প্রেক্ষিতে বর্তমান সাংসদ শিরীন আখতার এই ব্রিজ নির্মাণে ব্যাপক প্রচেষ্টা চালায় এবং দীর্ঘ সময় পর ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার গত ১৫ মে ২০১৭ইং বিকালে ৭ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজের নির্মাণ করেন। ভৌগলিক দিক থেকে ব্রিজটি অনেক বেশি গুরুত্ব বহন করে। আমজাদহাট ইউনিয়নের সাথে ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়ন, দরবারপুর ইউনিয়ন, জিএমহাট ইউনিয়ন, ফুলগাজী উপজেলা ও জেলা শহর ফেনীর সাথে যোগাযোগের সবচেয়ে সহজ ও গুরুত্বপূর্ণ সড়ক হল আমজাদহাট-ইসলামীয়া বাজার-ঘাটঘর-মুন্সীরহাট। মুহুরী নদীর পূর্বাঞ্চল আমজাদ হাট ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ এই পথে চলাচল করে। এছাড়া ব্রিজটির পূর্বাঞ্চলে রয়েছে আলহাজ্ব ডিগ্রী কলেজ, ধর্মপুর এডুকেশনাল স্টেট ও দেবপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা এবং পশ্চিমে রয়েছে ঐতিহ্যবাহী ঘাটঘর মাদ্রাসা।

কয়েকজন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ইকবাল হোসেন জানান, এই সেতু নির্মাণ হওয়ার কারনে তাদের এখন স্কুল-কলেজ যেতে সময় ও ভাড়া দুই অনেকাংশে কমে গেছে। আগে তাদের সময় ব্যয় হয় দেড় থেকে দুই ঘন্টা। খরচও পড়ে বেশি পড়তো।

স্থানীয় এলাকাবাসী রফিক জানান, এই ব্রীজ না থাকার পূর্বে ২৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুল-কলেজে যেতে হতো। তখন সময় ও টাকা অপচয় বেশি হতো। এখন এই এলাকার ১৬টি গ্রামের মানুষ এই ব্রীজ দিয়ে যাতায়াত করে উপকৃত হচ্ছে।

স্থানীয় কৃষক রহিম উল্যাহ জানান, এই ব্রিজের দুপাশের মাঠ গুলোতে আমরা কখনো ফসল ফলাতে পারতাম না। সব সময় পানিতে ডুবে থাকতো। ফসল নিয়ে এক পাড় থেকে অন্য পাড়ে চলাচলে ব্যাপক সমস্যা হতো। তখন একমাত্র মাধ্যম নৌকাই। এখন ব্রিজটির নির্মিত হওয়ার ফলে এলাকার জনগণের প্রাণের দাবি পূরণ হয়েছে।