স্পোর্টস নিউজ:প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারত। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ টেস্টের জন্য ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এসজির কাছে বিশেষ বল চেয়েছে ভারতীয় বোর্ড ক্রিকেট।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এসজির পরিচালক পরশ বলেন, আমরা ক্রিকেটারদের চাওয়াটা ভালো করে শুনেছি। লাল বলের মতোই আচরণ করে এমন করে গোলাপি বল প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের।
লাল বলের রঙ গাড় হয়। ক্রিকেটাররা বল সাইন করলে সারাদিন বলে সুইং পান। কিন্তু গোলাপি বলের রঙ উজ্জ্বল। পরশ জানিয়েছেন, এই জায়গা নিয়েই কাজ করবে এসজি।
ইডেন গার্ডেনে সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২২ নভেম্বর। টেস্টের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এরই মধ্যে এসজির কাছে ৭২টি গোলাপি বল চেয়েছে। আগামী সপ্তাহে তারা ওই বল পেয়ে যাবে।
বাংলাদেশ দল যখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে ততদিনে গোলাপি বল নিয়ে ইশান্ত শর্মা-উমেশ যাদব কিংবা চেতেশ্বর পূজারা-কোহলিরা কাজ করার সুযোগ পেয়ে যাবেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা ক্রিকেটাররা লাল বলের সঙ্গে মানানসই গোলাপি বল বানানোর প্রস্তাব দিলেও সেই বল এসজি ঠিকঠাক প্রস্তুত করতে পারবে কি-না তা নিয়ে সংশয় আছে।
গত বছর এসজির প্রস্তুত করা লাল বল ভারতীয় ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়ে। ইংল্যান্ডের ডিউক বল কিংবা অস্ট্রেলিয়ার কুকাবুরার মতো মান এসজি বলের নয় বলে প্রশ্ন তোলা হয়।
এ নিয়ে পরশ আনন্দ বলেন, পরেরবার আমরা লাল বলটা আগের চেয়ে শক্ত বানিয়েছিলাম। ভারতীয় দল সেটা পছন্দও করেছিল। গোলাপি বলও আমরা শক্ত করার চিন্তা করছি।