অনলাইন নিউজঃ চট্টগ্রামে করোনার সংক্রমণ এড়াতে পতেঙ্গা সমুদ্র সৈকতের পর এবার দুটি পার্কও বন্ধ ঘোষণা করা হয়েছে।
পার্ক দুটি হলো, নগরের আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্ক এবং পার্শ্ববর্তী জাম্বুরী পার্ক। বুধবার বিকেলে পার্ক দুটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, সিএমপি কমিশনারের নির্দেশনায় কর্ণফুলী পার্ক ও জাম্বুরী পার্ক বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটন স্পট দুটি বন্ধ থাকবে।
সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, শুধু পতেঙ্গা সমুদ্র সৈকত, কর্ণফুলী শিশু পার্ক কিংবা জাম্বুরী পার্ক নয়, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ফয়েসলেক, সি ওয়ার্ল্ড, সিআরবি, নেভালসহ গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হবে। করোনার সংক্রমণ রোধে সিএমপি সব পদক্ষেপ নেবে বলে জানান তারা।
এর আগে দুপুরে এক জরুরি বার্তায় পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান।