অনলাইন নিউজঃ করোনাযুদ্ধে পুলিশ আর চিকিৎসকদের অবদানের কথা স্মরণ করেছেন মাশরাফি বিন মুর্তজা। রোববার (১২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে এক বার্তায় তাদের প্রশংসা করেন ম্যাশ। সেই সাথে সবাইকে ঘরে থাকার পরামর্শও দিয়েছেন আরেকবার। নিম্নে মাশরাফির পুরো স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘করোনা ভাইরাস দেশে আঘাত আনার সাথে সাথে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেক বেশি। দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। কোন প্রকার অভিযোগ ছাড়া। হ্যাঁ কথা বলছি আমাদের পুলিশ ভাইদের।’

‘তারা সত্যই অনেক অক্লান্ত পরিশ্রম করছে, শুধু মাত্র আমাদেরকে করোনা নামক মহামারী থেকে সুরক্ষা রাখতে। সারাটা দিন আমাদের পিছনে ছুটতে ছুটতে যখন শরীরটা আর সায় দেয়না তখন মশার কামড়, গরম সবকিছুর কাছে হয়তো হার মেনে যায়। ’

‘কোনরকম একটা বসার কিছু পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে। সবাইকে সর্তক করতে গিয়ে তারা ভুলেই যায় যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে।’

‘আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রিত করতে। আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করে বাসায় থাকতাম তাহলে হয়তো এই মানুষগুলোর এতোটা কষ্ট হতো না।’

‘মহান আল্লাহ্‌ তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষগুলো ভালো থাকে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’  (ফেসবুক থেকে নেয়া)