অনলাইন নিউজঃকরোনার কারণে শ্রমিক না পেয়ে হাওর অঞ্চলে নষ্টের উপক্রম হওয়া বোরো ধান কাটতে চট্টগ্রাম থেকে শ্রমিক পাঠাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় দিন ১৯টি বাসে ৫০০ জন শ্রমিক কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।খবর বাংলানিউজ।

এসব শ্রমিককে ওইসব এলাকায় পৌঁছে দিতে পুলিশের অনুরোধে এগিয়ে এসেছে এস আলম পরিবহন। এস আলম পরিবহনের বাসে পৌঁছে দেওয়া হচ্ছে শ্রমিকদের।

সিএমপি’র সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রথমদিন আমরা ১০০ জন শ্রমিক পাঠিয়েছি। দ্বিতীয় দিন ১৯টি বাসে ৫০০ জন শ্রমিককে পাঠাচ্ছি।

তিনি বলেন, এস আলম পরিবহনকে আমরা অনুরোধ করেছিলাম। তারা এগিয়ে এসেছে। শুধু তেল খরচ নিয়ে কোনো ভাড়া ছাড়াই এসব শ্রমিককে হাওর অঞ্চলে পৌঁছে দিচ্ছে।

হাওর অঞ্চলে ধান কাটতে রোববার (১৯ এপ্রিল) পাঁচটি বাসে করে ১০০ জন শ্রমিক রওনা দেন চট্টগ্রাম থেকে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হাওরগুলোতে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করবেন এসব মানুষ।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে দক্ষিণ জোনের উপ-কমিশনার এসএম মেহেদী হাসান শ্রমিকদের যাওয়ার ব্যবস্থাপনা করেন।

যাওয়ার আগে এসব শ্রমিককে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে প্রত্যয়নপত্রও দেওয়া হচ্ছে। তাদের জন্য সুরক্ষা সামগ্রীরও ব্যবস্থা করেছে সিএমপি।

এছাড়া এসব শ্রমিকদের যাতে ওই সব অঞ্চলে থাকা খাওয়ার সমস্যা না হয় সেজন্য জেলার এসপি ও থানার ওসিদের বলা হয়েছে। তারা যাতে শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বাংলানিউজকে বলেন, বাকলিয়া এলাকায় অনেক শ্রমিক বসবাস করেন। সিএমপি কমিশনার স্যারের নির্দেশে ধান কাটতে যেতে আগ্রহীদের তালিকা করেছি।

তিনি বলনে, দুই দিনে মোট ৬০০ জন শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষা করে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও হবিগঞ্জের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।