অনলাইন নিউজঃ সরকার ঘোষিত সাধারণ ছুটি মোতাবেক সব শিক্ষা প্রতিষ্ঠান ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। যদিও নির্ধারিত বর্ষপঞ্জী অনুসারে আগামীকাল ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে রমজান ও ঈদের ছুটি। তাই, প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদ পর্যন্ত বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২০ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা অনুসারে ২৫ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কথা ছিল।

মহাপরিচালক মো. ফসিউল্লাহ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ২৫ এপ্রিল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে। তাই শিক্ষাপঞ্জি অনুসারে আগামী ঈদ পর্যন্তই ছুটি কার্যকর হবে। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে বা ছুটি কমানো হলে পরবর্তীতে নির্দেশনা দেয়া হবে। আর তার আগে ঈদ পর্যন্ত ছুটি কার্যকর থাকছে।

এদিকে সাধারণ ছুটি মোতাবেক সব শিক্ষা প্রতিষ্ঠান ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ছুটি শেষ হলে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সমন্বয় করা হবে এবং তা গনমাধ্যমকে জানানো হবে বলেও জানানো হয়েছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ছুটির সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।