ছবিঃফাইল ফটো
অনলাইন নিউজঃকরোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না অনেক কৃষক। ময়মনসিংহের ফুলপুর উপজেলার দিশাহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা কৃষকের ধান কাটা, ধান বাড়ি নেওয়া ও মাড়াই করে দিচ্ছেন। তারই অংশ হিসাবে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছাত্রলীগ নেতা-কর্মীরা গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দক্ষিণ ভাইটকান্দি গ্রামের কৃষক মো. আবু তাহেরের ২০ শতক জমির বোরো ধান কেটে বাড়িতে তুলে দেয়।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের উৎসাহে ধান কাটার কাজে সহায়তা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক অপু আকন্দ, উপজেলা ছাত্রলীগ নেতা মো. আব্দুর রাজ্জাক সাগর, শোয়েব, ইমন, সাজ্জাদ, ইরশাদ হোসেন লিমন, হৃদয়, রুবেল প্রমুখ।
দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সে কারণে খুশি এলাকাবাসী ও কৃষকেরাও।
কৃষক আবু তাহের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রলীগ শুধু রাজনীতির পাশাপাশি মানুষের উপকারও করে। আজ ছাত্রলীগের নেতা-কর্মীরা যেভাবে আমার ধান কেটে দিয়েছে এতে এটাই প্রমানিত হয়েছে ছাত্রলীগ মানব সেবা়সহ দেশের উন্নয়ন কাজেও গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। যদি তারা আমার ধান কেটে না দিত তাহলে শ্রমিকের অভাবে হয়তো আমার ধান পানিতে তলিয়ে যেত। আমি ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। আর মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী শরীফ আহমেদের দীর্ঘায়ু কামনা করি।
ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক সাগর ও ইরশাদ হোসেন লিমন বলেন, করোনা পরিস্থিতির কারণে ফুলপুরে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছেন না কৃষকেরা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ ও নানা পেশাজীবীর লোকজনকে সঙ্গে নিয়ে কৃষকদের পাশে থেকে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছি।
অপরদিকে, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুলের নেতৃত্বে চর সাহাপুর গ্রামের দরিদ্র রিকশা চালক মো. মাসুদ মিয়ার ১৭ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আকিকুল বাসির, উপজেলা ছাত্রদলের নেতা আল আমিন শিশির, পৌর ছাত্রদলের নেতা হেলাল উদ্দিন, মেহেদী হাসান ফুয়াদ প্রমুখ।