অনলাইন নিউজঃ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিন দিন বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে যারা সামনের কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করছেন তাদের স্যালুট জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার রুবেল হোসেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রুবেল একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ডাক্তার, নার্স, পুলিশ, আর্মি এবং সাংবাদিকসহ সকল যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
রুবেল বলেন, আজ আমাদের দেশ একটি ভয়াবহ মুহূর্ত পার করছে। আজ এই সংকটময় মুহূর্তে যে সকল যোদ্ধারা তাদের পরিবার, সন্তান, স্ত্রীর কথা চিন্তা না করে সামনে থেকে আমাদের এই দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে স্যালুট জানাই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ডক্টরস, নার্স, পুলিশ, আর্মি এবং সাংবাদিকসহ সকল যোদ্ধাদের। যারা দেশের জন্য এতবড় ত্যাগ স্বীকার করেছেন। আপনাদের এই ত্যাগ আমরা কোনো দিন ভুলবো না। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।
সুত্র:পূর্বপশ্চিমবিডি