অনলাইনে জুয়ার নামে প্রতারণা, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
অনলাইন নিউজ: অনলাইনে তরুণ-তরুণীদের জুয়া খেলায় সম্পৃক্ত করে প্রতারণা মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করা চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।
গ্রেপ্তার প্রতারক চক্রের পাঁচ সদস্য হলো- মো. শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০), মো. মনির হোসেন (৪০), মো. আরিফ উদ্দীন (৪০), ফয়সাল খান (৩২) ও মো. জাবেদ মিয়া (৪০)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ। প্রেস ব্রিফিংয়ে সিএমপির উপ-কমিশনার (ডিবি-উত্তর) মুহাম্মদ আলী হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে বলা হয়, তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, ল্যাপটপ, মোবাইল ফোন, সিমকার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত পোর্ট মডেম, ব্যাংকের চেক ও নগদ ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকায় অনলাইন জুয়া প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত চার মাস ধরে তারা নগরীর বিভিন্ন এলাকায় উঠতি বয়সী তরুণ-তরুণীদের টার্গেট করে জুয়ায় সম্পৃক্ত করছে।
‘পরে তাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এসব টাকা ডলারে কনভার্ট করে ইউক্রেনে এক ব্যক্তির কাছে পাচার করে আসছে চক্রটি। ’
তিনি বলেন, প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। সিআইডি মামলাটি তদন্ত করবে। সূত্র:পূর্বকোণ












