বরিশালে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশাল।
এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারসহ সর্বস্তরের জনগণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ সোহরাব হোসেন, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দিনসহ আরও অনেকে। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অনলাইন অতিথির বিন্দুরা। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসবিজ্ঞপ্তি












