বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতু এলাকায় ভোগান্তিতে মানুষ
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘর থেকে সেতুতে উঠা পর্যন্ত সড়ক নতুন করে তৈরি করা হচ্ছে। এ কারণে যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তিতে পড়ছে। রাস্তা অনওয়ে করার জন্য ধীরগতিতে যানবাহন যাতায়াত করছে। টোলঘর থেকে বারঘরিয়া পর্যন্ত যানজট হচ্ছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা ট্রাফিক পুলিশ ও টোলঘরের আদায়কারীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। গত রোববার ও সোমবার বৃষ্টি হবার দরুণ আরও ভোগান্তিতে পড়তে দেখা গেছে মানুষ ও যানবাহনের।
সড়ক ও জনপথ বিভাগ এবং টোল কর্তৃপক্ষ থেকে জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী হাজার হাজার ট্রাক সেতুটি দিয়ে ২৪ ঘন্টা আসা যাওয়া করছে। ওজনের বিষয়টি মাথায় রেখে এবার রড, সিমেন্ট, পাথর দিয়ে ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তার একদিক বন্ধ থাকায় তিন-চারদিন ধরে সেতুর এপার ওপারে যানজট হচ্ছে। এটি সাময়িক সমস্যা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর পর্যন্ত ২ হাজার ৭০০ মিটার রাস্তা প্রশস্তকরণ কাজও এগিয়ে চলেছে। চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের এ সড়কের দু পাশের রাস্তা প্রশস্ত করা হচ্ছে।
গত ১৬ মার্চ থেকে কাজ শুরু হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হবার কথা রয়েছে। এ কাজে ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা। করোনা ভাইরাসজনিত কারণে কাজ ব্যাহত হয়েছে।












