ডিপিএলের তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়, তামিমের সেঞ্চুরি
অনলাইন নিউজঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিকেএসপির দুই ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তিন দলই বড় জয় নিশ্চিত করেছে। এর মধ্যে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছেন তামিম ইকবাল।
বুধবার প্রাইম ব্যাংক বিকেএসপির ৪ নম্বর মাঠে শুরুতে ব্যাট করে ২৯.৫ ওভারে ১৫২ রান করে অলআউট হয়ে যায়। দলটির ওপেনার নাঈম শেখ ৮৩ বলে ৮১ রান করেন। চারটি চার ও পাঁচটি ছক্কা মারেন তিনি। জবাবে ২৩.২ ওভারে ৮ উইকেটের জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।
রূপগঞ্জের ওপেনার তানজিদ তামিম ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। সাতটি চারের সঙ্গে পাঁচটি ছক্কা মারেন তিনি। তিনে নেমে সৌম্য সরকার ৪০ বলে ৫০ রানের হার না মানা ইনিংস খেলেন। পাঁচটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। ব্যাট হাতে ১৬ রান করা ওপেনার সাইফ ৩৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ম শুরুতে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয়। জবাবে ৩২.৫ ওভারে ৯ উইকেটে জয় তুলে নেয় মোহামেডান। তামিম ৯৬ বলে ১০৫ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চার ও চারটি ছক্কা আসে তার ব্যাট থেকে। চলতি ডিপিএলের ৪ ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। মাহিদুল ইসলাম অঙ্কন ৭৫ রানের ইনিংস খেলেন। মোহামেডানের তাইজুল ইসলাম ৪টি ও আবু হায়দার ৩ উইকেট নেন।
মিরপুরে পারটেক্স স্পোর্টিং ক্লাব ৩৩.১ ওভারে মাত্র ১০০ রান করে অলআউট হয়। আবাহনী ১৪.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। পারভেজ ইমন ৫৫ রান করেন। আবাহনীর তরুণ অলরাউন্ডার মাহফুজুর রাব্বি ৯ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। সূত্রঃ দৈনিক সমকাল












