গোসলের গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুটির
অনলাইন নিউজঃগোসলের জন্য রান্নাঘরে বালতিতে রাখা ছিল গরম পানি। কৌতূহলবশত চার বছরের শিশুটি সেই পানিতে হাত দিতে গেলে বালতিসহ মেঝেতে পড়ে যায়। গরম পানিতে ঝলসে যায় তার পুরো শরীর।
তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ভোরে মারা যায় কাজিমুল হাবিব নামের শিশুটি। সে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের বুড়িশ্চর বাজার এলাকার বাসিন্দা ইমরান হোসেনের ছেলে। গত রোববার গরম পানিতে ঝলসে যাওয়ার সময় শিশুটির বাবা অন্য ঘরে ছিলেন। আর মা সৈয়দা তিশা আকতার ছিলেন শৌচাগারে।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা কাজিমুলকে আজ বুধবার ভোরে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামী জানুয়ারিতে কাজিমুলকে এলাকার জিয়াউল উলুম কামিল মাদ্রাসার শিশু শ্রেণিতে ভর্তি করানোর কথা ছিল।
কাজিমুলের বাবা ইমরান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। গত নভেম্বরে তিনি দেশে আসেন। কাজিমুল ইমরান-তিশা দম্পতির একমাত্র সন্তান
আজ বুধবার দুপুরে একমাত্র সন্তানের নিথর দেহ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন ইমরান-তিশা দম্পতি। কাজিমুলের মামা সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, ঘটনার দিন বাবার সঙ্গে একটি ঘরে খেলছিল শিশুটি। একপর্যায়ে মাকে খুঁজতে রান্নাঘরে যায়। সেখানেই গরম পানিতে তাঁর শরীরের ৩২ শতাংশ ঝলসে যায়।
বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হোসাইন বলেন, শীতকালে অনেকেই গরম পানিতে গোসল করেন। তবে বাড়িতে শিশু থাকলে পরিবারের সদস্যদের সতর্ক থাকা উচিত।সূত্রঃ প্রথমআলো












