রংপুর-৩ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ
অনলাইন নিউজ: রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফ।
সোমবার (৯ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার জিএম শাহাতাব উদ্দিনের কাছে তিনি মনোনয়নপত্র জাম দিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ বলেন, জাতীয় পার্টির নেতারা তার প্রতি অন্যায় আচরণ করবে বুঝতে পেরেই তিনি দলীয় মনোনয়ন চাননি। এমনকি আবেদন পর্যন্ত করেননি। তবে দলের বেশিরভাগ নেতাকর্মী তার সঙ্গে আছে বলে দাবি করেছেন।
তিনি বলেন, ‘বহিরাগত সাদ বা যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমি জয়ী হবো।’
উল্লেখ্য, রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন, এরশাদপুত্র সাদ
এদিকে এই উপ-নির্বাচনে এরশাদপুত্র সাদের পক্ষে কাজ করবেন না বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা।
রংপুর-৩ আসনে সাদ এরশাদকে প্রার্থী হিসেবে ঘোষণার পর, এ নিয়ে মিশ্র-প্রতিক্রিয়া দলের তৃণমূলের নেতাকর্মী আর সাধারণ মানুষের। তবে বিরোধ নিরসনে কেন্দ্রের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে।
রংপুর সিটির মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা আগের অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি এই প্রার্থীর হয়ে কাজ করতে পারবো না। যারা তাকে মনোনয়ন দিয়েছেন তারা কাজ করবেন। জনগণ ভোট দিলে নির্বাচিত হবেন না দিলে হবেন না। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’
এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাদ এরশাদ ছাড়াও, এসএম ইয়াসির, ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং এরশাদের ভাতিজা সাবেক এমপি আসিফ শাহরিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন।












