চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষ্যে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, তরুণ প্রজন্মের ভূমিকা এবং দেশ ও সমাজের প্রতি শিক্ষার্থীদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এসময় শিক্ষার্থীদের মধ্যে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ইতিহাস, দেশপ্রেম ও নাগরিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।












