জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসু জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ সকাল ৯টা ১২ মিনিটে রাজধানী বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। খন্দকার দেলোয়ার জালালির সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে সহ অসংখ্য ভক্ত অনুরাগী এবং রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।
আজ দুপুর ১টা থেকে বেলা ৪টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মরদেহ রাখা হবে। সেখানে জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হবে। আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে প্রয়াত জিয়াউদ্দিন বাবলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থনে তাঁকে সমাহিত করা হবে।
জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে ৩ দিনের দলীয় শোক ঘোষণা করেছে জাতীয় পার্টি। শনি থেকে সোমবার পর্যন্ত জাতীয় পার্টির প্রতিটি দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা হবে।
আগামীকাল বিকেল ৩টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের কাকরাইল চত্বরে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হবে। শোক সভায় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের সহ পার্টি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পার্টি ঘোষিত ৩ দিনের শোক দিবসের মধ্যে বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।












