শিবগঞ্জ উপজেলার মরদানায় বোমাবাজি, এলাকায় আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মরদানায় আবারও বোমাবাজির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে মরদানা গ্রামের পুকুর পাড়া এলাকায় ৫ থেকে ৭ টি হাতবোমা ফোটানোর আওয়াজ পাওয়া গেছে। স্থানীয়রা জানান একটি কার এবং ৬-৭ টি মোটরসাইকেলে একটি গ্রুপ আয়ূব বাজার এলাকায় টহল দেয়ার পরপরই বোমার আওয়াজ পাওয়া গেছে। এ ঘটনায় সাইফুদ্দিন নামে একজন আহত হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছেন।
এ ব্যাপারে মর্দানা এলাকার কাউন্সিলর মো. জেম জানান, আইয়ুব বাজার মোড়ে মমিন ও কেরামত গ্রুপের মধ্যে গরুর ঘাস খাওয়ানো কে কেন্দ্র করে মারামারি হয়েছে বলে শুনেছি। তবে এর বেশি তিনি বিস্তারিত জানাতে পারেননি।
অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান তাঁর নেতৃত্বে শিবগঞ্জ থানার ২ ভ্যান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন আহত হবার বিষয়টি শোনা গেছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, মরদানা এলাকায় জেম ও সালাম গ্রুপের মধ্যে একাধিকবার সংঘষের ঘটনা বিদ্যমান থাকায় এলাকাবাসী আবারো এ ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংকা করায় জনমনে ভীতি বিরাজ করছে। এলাকাবাসীসহ সূধী মহলের দাবি রেশারেশি, দাঙ্গাহাঙ্গামা বন্ধ করে দু পক্ষ আলোচনা করে এর সমাধান করবেন।












