ইলিশ রক্ষায় বরিশালে ম্যাজিস্ট্রেটের অভিযান!
শহিদুল ইসলাম: বরিশালে মা ইলিশ রক্ষার ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার চতুর্থ দিনের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার সকাল সারে ৮টা থেকে টানা বিকেল পর্যন্ত বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, পাতারহাট ও লাহারহাট জলসীমায় মা ইলিশ রক্ষার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১৬ লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
বাংলাদেশ নৌবাহিনী ও জেলা গৌরনদী উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তাদের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযানে আটককৃত ১০ কেজি মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। একই সাথে জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।












